
শেরেবাংলা নগরে নবনির্মিত 'জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর'-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এই জাদুঘরটি নতুন যাত্রাপথের সূচনা বিন্দু। তিনি মন্তব্য করেন, যদি আমরা কখনো পথ হারিয়ে ফেলি, তবে এই জাদুঘরে এসেই পথ খুঁজে পাওয়া যাবে। তিনি আরও বলেন, যদি আমাদের চিন্তাধারায় কোনো গাফিলতি দেখা দেয়, তবে এই জাদুঘর থেকেই তার ঠিকানা বের করে নতুন সূত্রে আবার যাত্রা শুরু করা সম্ভব হবে।
অধ্যাপক ইউনূস জাদুঘরটির অনন্য বৈশিষ্ট্যের কথা তুলে ধরে জানান, পৃথিবীর বিভিন্ন দেশে অনেক জাদুঘর থাকলেও এটি ভিন্ন। কারণ, এখানে অতীতের কোনো সংগ্রহ নেই, বরং জুলাই গণ-অভ্যুত্থানের প্রতিটি ঘটনার নমুনা ও ইতিহাস তাৎক্ষণিকভাবে সংগ্রহ করে রাখা হয়েছে। তিনি বলেন, এই জাদুঘরটি অতীতকে ধারণ করে ভবিষ্যতের নতুন নকশা রচনা করছে।
শহীদ আনাসের চিঠির প্রসঙ্গ টেনে সাবেক প্রধান উপদেষ্টা বলেন, 'আমরা গেলাম, আমরা নতুন বাংলাদেশ গড়তে চলে গেলাম'—এটাই এই জাদুঘরের মূল বৈশিষ্ট্য। জাদুঘর প্রাঙ্গণে সাজানো প্রতীকী কবরগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি কবরের সঙ্গে নাম থাকবে এবং সেখান থেকে দর্শনার্থীরা ইতিহাস জানতে পারবে—কে, কোথায় এবং কীভাবে শহীদ হয়েছিলেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের সকল স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ এখানে আসবে এবং তাদের মনের কথা বা ভবিষ্যতের আকাঙ্ক্ষা লিখে রেখে যাবে। তিনি বলেন, এই চত্বরটি মানুষের আবেগ ও চিন্তার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে, যেখানে গান-বাজনা, শিল্পকলা এবং বার্তার মাধ্যমে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ফুটে উঠবে।
সাবেক প্রধান উপদেষ্টা আরও বলেন, জুলাই অভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসেছিলেন, তারা কোনো বিশেষ রাজনৈতিক কর্মী নন; তারা আমাদেরই সন্তান, প্রতিবেশী ও বন্ধু। তারা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজপথে এসেছিলেন। জাদুঘর নির্মাণের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, প্রতিটি স্মারক সংগ্রহ করতে দীর্ঘ সময় ও অনেক কষ্ট করতে হয়েছে। এই জাদুঘরটি বাংলাদেশের নতুন অগ্রযাত্রার একটি নাড়ীর সূত্র হয়ে থাকবে, যা আমাদের আত্মমর্যাদা ও সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২