
ফরিদপুরের সালথা উপজেলায় অসাবধানতাবশত গর্তে হাত ও পা দেওয়ায় সাপের কামড়ে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল ও সোনাতন্দী গ্রামে গত মঙ্গলবার সকাল থেকে বিকেলের মধ্যে পৃথক দুটি স্থানে এই দুর্ঘটনা ঘটে। বল্লভদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান সাপের কামড়ে এই দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন—পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী সরস্বতী মণ্ডল (৪২) এবং সোনাতন্দী গ্রামের সাইদুল মোল্লার ৩ বছরের শিশুসন্তান সাকিবা আক্তার।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে কাজ করার সময় অসাবধানতাবশত একটি গর্তে পা ঢুকিয়ে ফেলেন সরস্বতী মণ্ডল। তখন গর্তে থাকা একটি বিষধর সাপ তাঁকে কামড় দেয়। স্বজনেরা তাঁকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, একই দিন দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় একটি ইঁদুরের গর্তে হাত দেয় শিশু সাকিবা। তখন তাকেও সাপে কামড় দেয়। ঘটনার পর পরিবারের সদস্যরা সাকিবাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে গেলে তিনি জানান যে সাপে কামড়ানোর কোনো আলামত নেই। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২