
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য আকামা নবায়ন সংক্রান্ত নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। এখন থেকে কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে, প্রবাসী কর্মীরা দ্রুততম সময়ের মধ্যে অন্য কোনো নিয়োগকর্তা বা কফিলের অধীনে নিজেদের আকামা নবায়ন করতে পারবেন। এই প্রক্রিয়ায় কোনো আইনি বাধা থাকবে না বলে জানিয়েছেন সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা।
মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি প্রতিনিধি দলের এক দ্বিপাক্ষিক বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠকে সৌদি প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি।
বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী দুই দেশের শ্রম সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে তিনটি গৃহকর্মী নিয়োগ চুক্তি, শ্রম দক্ষতা যাচাইকরণ প্রোগ্রাম (এসভিপি) চুক্তি এবং সাধারণ কর্মী নিয়োগ চুক্তি আনুষ্ঠানিক পর্যালোচনা ও নবায়নের প্রস্তাব। এছাড়া সুবিধাজনক সময়ে যৌথ কমিশন ও যৌথ প্রযুক্তিগত কমিটির বৈঠক আয়োজন এবং বাংলাদেশে একটি 'সৌদি-বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট' প্রতিষ্ঠার প্রস্তাবও পেশ করা হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদান অপরিসীম। তিনি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষতা থাকায় তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বিশেষভাবে আহ্বান জানান।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠাতব্য বিশ্বকাপকে সামনে রেখে বর্ধিত কর্মী চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সাথে নারী গৃহকর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ আসন্ন পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে জেলে আটক বাংলাদেশি কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার হোসেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খানসহ উভয় দেশের পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৮: ৫৫আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৯: ২৬
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২