
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে প্রমাণ ছাড়া মিথ্যা তথ্য ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিদ্যুৎ বিভাগ। তবে বিজ্ঞপ্তি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সেই অবস্থান থেকে সরে এসে তা সংশোধন করা হয়েছে এবং আইনি ব্যবস্থার সতর্কবার্তাটি বাদ দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগের প্রকাশিত প্রথম বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছিল যে, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। সেখানে বলা হয়েছিল, এ ধরনের মিথ্যা তথ্য ছড়ালে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের কিছু সময় পরই তা সংশোধন করা হয়। নতুন বিজ্ঞপ্তিতে আইনি ব্যবস্থার হুঁশিয়ারির অংশটি বাদ দিয়ে বলা হয়েছে, অতিরিক্ত বিল নিয়ে কোনো গ্রাহকের অভিযোগ থাকলে তারা প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগ আরও দাবি করেছে, অতিরিক্ত বিদ্যুৎ বিলসংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো যাচাই করে সমাধান করেছে। তাই এ বিষয়ে বিভ্রান্তি বা অপপ্রচারের কোনো সুযোগ নেই বলে বিভাগটি জানিয়েছে।
এর আগে গত তিন মাস ধরে দেশের বিভিন্ন এলাকার গ্রাহকরা অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করে আসছিলেন। অনেকের দাবি, নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করলেও বিদ্যুতের ইউনিট অস্বাভাবিকভাবে বেড়েছে। আবার কেউ কেউ নিয়মিত মিটারের রিডিং না নিয়ে অনুমানের ভিত্তিতে বিল তৈরির অভিযোগও করেছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম জানান, জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তে কেন্দ্রীয়ভাবে কোনো কমিটি গঠন করা হয়নি। প্রতিটি বিতরণ সংস্থা ও কোম্পানিকে নিজ নিজ এলাকার অভিযোগ যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২