
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে জামিন পেয়েছেন দেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এই খবর সামনে আসার পর তার জামিন বাতিল করে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে দুবাইতে একটি আন্তর্জাতিক ল’ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে তারা শুনেছেন। তার এই জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুবাইতে একটি ল’ফার্ম নিয়োগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ল’ফার্ম নিয়োগের পাশাপাশি আদালতের জামিন আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে। এই কপি হাতে পেলে দ্রুত সময়ের মধ্যে তার জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে রোববার দুপুরে পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তার জামিন ও মুক্তির খবরের বিষয়ে ঢাকা পুলিশ সদর দপ্তরের কাছে জানতে চাওয়া হলে তারা জানায়, এ ব্যাপারে তাদের কাছে কোনো দাপ্তরিক তথ্য নেই। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অন্যান্য দপ্তরগুলো ভালো বলতে পারবে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন মঞ্জুর করেন। এরপর প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর গত ৩০ জুলাই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তবে জামিন পেলেও তার ওপর কঠোর আইনি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট আদালতের হেফাজতে জমা রাখা হয়েছে এবং বিশেষ অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। ফলে কারামুক্ত হলেও তিনি আপাতত দুবাই ছাড়তে পারছেন না। এই সুযোগে বাংলাদেশ সরকার ল’ফার্মের মাধ্যমে আইনি লড়াই চালিয়ে তার জামিন বাতিল করে দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২