
ঢাকার দক্ষিণখানে নিজ ফ্ল্যাটে ৭১ বছর বয়সী বৃদ্ধা মাহবুব আরা বেগমকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। মায়ের নিরাপত্তার জন্য ছেলের বসানো শোবার ঘরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই নৃশংস হত্যাকাণ্ডের পুরো চিত্র। সেই ভিডিও ফুটেজের সূত্র ধরে অভিযুক্ত নাতি আবু তালহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
নিহত মাহবুব আরা বেগমের স্বামী মারা যান প্রায় ৯ মাস আগে। এরপর থেকে তিনি দক্ষিণখানের দক্ষিণ গাওয়াইর এলাকায় নিজের চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে একাকী বসবাস করে আসছিলেন। সন্তানদের পড়াশোনার কারণে তাঁর ছেলে মোহাম্মদ মাহবুব হাসান পরিবার নিয়ে উত্তরা পশ্চিম থানা এলাকায় থাকেন। মা একা থাকায় তাঁর নিরাপত্তার কথা চিন্তা করে শোবার ঘরসহ বাসার বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন তিনি। পুলিশ জানায়, গ্রেপ্তার আবু তালহা নিহত মাহবুব আরার দেবরের ছেলের ঘরের নাতি এবং তিনি নিয়মিত ওই বাসায় যাতায়াত করতেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ব্যবসায়িক ব্যস্ততার কারণে সারাদিন মায়ের খোঁজ নিতে পারেননি মাহবুব হাসান। পরে গভীর রাতে, আনুমানিক রাত তিনটার দিকে মোবাইল ফোনে বাসার সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে তিনি এক ভয়াবহ দৃশ্য দেখতে পান। ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টা ৪১ মিনিটের দিকে আবু তালহা কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির সহায়তায় ফ্ল্যাটে ঢোকেন। এরপর শোবার ঘরে গিয়ে বালিশ ও কাপড় দিয়ে মাহবুব আরা বেগমকে শ্বাসরোধের চেষ্টা করেন। বৃদ্ধা নিজেকে বাঁচানোর চেষ্টা করলে তাঁকে খাট থেকে টেনে মেঝেতে ফেলে দেওয়া হয়। একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন তালহা। এরপর কানের সোনার দুল খুলে নিয়ে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ করে পালিয়ে যান তিনি।
এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল শুক্রবার দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে মাহবুব হাসান। এরপর পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ গাওয়াইর এলাকা থেকে আবু তালহাকে গ্রেপ্তার করে। আজ শনিবার মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ-আল-মামুন আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। মায়ের হত্যাকারীদের দ্রুত শনাক্ত করার পেছনে সিসিটিভি ক্যামেরার ভূমিকার কথা উল্লেখ করে ছেলে মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ‘সিসিটিভি ক্যামেরার কারণেই হত্যাকারীকে দ্রুত শনাক্ত করা সম্ভব হয়েছে। আমি আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই।’
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২