
চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পুর কারামুক্তির পথ সুগম হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে তাকে একটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর পর, তা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। এর ফলে ৩০টির বেশি মামলার আসামি এই সন্ত্রাসীর কারাগার থেকে বের হওয়ার প্রক্রিয়া শুরু হলো।
সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান জানান, হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ বহাল থাকা অবস্থায় তার মক্কেল টেম্পু ইসমাইলকে নতুন একটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছিল, যা আদালতের নির্দেশনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এই পদক্ষেপকে আদালত অবমাননার শামিল উল্লেখ করে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেন। একই সঙ্গে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিকার চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে ‘শোন অ্যারেস্ট’ প্রত্যাহার ও কারামুক্তির নির্দেশ দেন।
এর আগে গত ৮ জুলাই বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৭৯৪৮/২০২৬ নম্বর রিট পিটিশনের শুনানি শেষে একটি রুল জারি করেন। ওই আদেশে স্পষ্ট বলা হয়েছিল, সুনির্দিষ্ট কোনো মামলা বা আইনি কারণ ছাড়া ইসমাইল হোসেনকে কোনো ধরনের হয়রানি করা যাবে না। এ বিষয়ে চার সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার জন্য বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছিল।
এদিকে টেম্পু ইসমাইলের এই কারামুক্তির নির্দেশে উদ্বেগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। পুলিশের তথ্যমতে, চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ৩০টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল জানান, পুলিশ এ পর্যন্ত টেম্পু ইসমাইলকে ১৩ বারের বেশি গ্রেপ্তার করেছে। কিন্তু প্রতিবারই তিনি আইনি ফাঁকফোকর দিয়ে জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ২০১৪ সালে চান্দগাঁও থানা পুলিশের সঙ্গে এক বন্দুকযুদ্ধের ঘটনায় এই সন্ত্রাসী গুলিবিদ্ধও হয়েছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক গুরুতর মামলার বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২