

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মনিরা বেগম (২৬) নামের এক গৃহবধূকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
নিহত মনিরা বেগম ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মো. মাসুদ হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। জানা গেছে, তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল এবং মনিরা তার দুই সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। ফরহাদ ঢাকায় রিকশা চালাতেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মনিরার বোন মহসিনা বেগম জানান, সোমবার ভোরে ফরহাদ ঢাকা থেকে শ্বশুরবাড়িতে এসে মনিরাকে মারধর করেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে মনিরাকে চিকিৎসার জন্য ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন মহসিনা। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরেই সেখানে ফরহাদ উপস্থিত হন। হাসপাতালের ভেতরেই ফরহাদ ও মনিরার মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফরহাদ ছুরি দিয়ে মনিরার পেটে ও বুকে উপর্যুপরি আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় মনিরাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিন্টু রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ফরহাদকে হাসপাতাল এলাকা থেকেই আটক করা হয়েছে। নিহতের বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মনিরার মরদেহ নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২