১২টি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ
- আপডেট সময় : ১২:১৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

১২টি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন শীর্ষ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। চুক্তিভিত্তিক এ নিয়োগের আওতায় ১১টি প্রতিষ্ঠানে গ্রেড-২ পদমর্যাদায় এবং একটিতে অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক ১২টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-২) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সালাহ্উদ্দিন সরকার। এছাড়া বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক পদে মোহাম্মদ রাশেদুল হক এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান পদে এ টি এম আবদুল বারী ড্যানী এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে মো. কামরুজ্জামান (কামরুজ্জামান দুলাল) নিয়োগ পেয়েছেন। একইসঙ্গে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান পদে আবদুল খালেক এবং বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান পদে মো. শামসুজ্জামান (সুরুজ) দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজী রওনাকুল ইসলাম (টিপু), বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে মো. জাকির হোসেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান পদে বেনজীর আহমেদ এবং বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান পদে মো. মামুন হাসানকে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। আর নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সামসুল আলম।
জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তারা যদি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, তবে তা পরিহার করতে হবে। এই সম্পর্ক ছিন্ন করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।




























