

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)-কে কেবল পদত্যাগ করলেই চলবে না, তাকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি চত্বরে জেলা এনসিপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন এমন খবর শোনা যাচ্ছে। এতদিন পর তার পদত্যাগের কথা মনে হলেও, জুলাই আন্দোলনে গণহত্যার সমর্থন এবং দুর্নীতির অভিযোগের কারণে তাকে কেবল পদত্যাগ করলেই দায়মুক্তি দেওয়া যাবে না। পদত্যাগের পর তাকে অবশ্যই গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।
নতুন রাষ্ট্রপতি নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ একজন যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। অতীতে রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে টালবাহানা হয়েছে। বিএনপি সরকার কাকে রাষ্ট্রপতি নির্বাচিত করে, তা পর্যবেক্ষণ করা হবে। যদি কোনো অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়, তবে সরকারের প্রতি জনগণের যে সামান্য আস্থা রয়েছে তাও হারিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
সরকারের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচনের আগে ১৮ মাসের মধ্যে কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকলেও গত পাঁচ মাসে একটি চাকরিও দেওয়া সম্ভব হয়নি। শিক্ষিত তরুণরা বেকার রয়ে গেছে এবং সরকার কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে, বিশ্বজুড়ে অনেক দেশ এই সরকারকে সহযোগিতা করছে না, তবে চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাটে তারা সফল হয়েছে।
সমাবেশে নাহিদ ইসলাম জামালপুরবাসীর উদ্দেশে গণভোটের রায় বাস্তবায়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান। এর আগে তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক ছাত্র সমাবেশে অংশ নেন। পরে শহরের দয়াময়ী মোড় থেকে তার নেতৃত্বে একটি পদযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারি চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৮: ৫৬আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৮: ৫৮
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২