
বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করার লক্ষ্যে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই বা ফিকি) আয়োজিত এফডিআই সম্মেলনে তিনি এই লক্ষ্যমাত্রার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী দেশি ও বিদেশি উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা প্রসারের উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, নতুন ও দূরদর্শী বিএনপি সরকার বিনিয়োগকারীদের পাশে থেকে সব ধরনের প্রাতিষ্ঠানিক ও নীতিগত সহায়তা প্রদানের অঙ্গীকার করছে। সরকার কেবল বিনিয়োগের আহ্বানই জানাচ্ছে না, বরং এই রূপকল্প বাস্তবায়নে তাদের বিশ্বস্ত অংশীদার হওয়ারও আহ্বান জানিয়েছে।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার বিনিয়োগের সুদৃঢ় আইনি সুরক্ষা, আধুনিক ও ব্যবসাবান্ধব নিয়ন্ত্রক কাঠামো, সহজীকৃত কর ব্যবস্থা এবং মুনাফা প্রত্যাহারের নির্বিঘ্ন প্রক্রিয়া নিশ্চিত করতে কাজ শুরু করেছে। এছাড়া প্রশাসনিক প্রক্রিয়াসমূহ সহজ করা, সরকারি সেবাসমূহ ডিজিটালাইজড করা এবং লাল ফিতার দৌরাত্ম্য দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তারেক রহমান উল্লেখ করেন যে, বাজেটে নবায়নযোগ্য শক্তি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা এবং লজিস্টিকস খাতের মতো বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোর জন্য সুনির্দিষ্ট প্রণোদনা নিশ্চিত করা হয়েছে। তিনি বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।
দেশের চ্যালেঞ্জ থাকলেও বিশাল অভ্যন্তরীণ বাজার, তরুণ জনশক্তি এবং ভৌগোলিক অবস্থানের মতো অফুরন্ত সম্ভাবনা রয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, সরকার একটি নিয়মভিত্তিক এবং বেসরকারি খাতের গতিশীলতায় পরিচালিত অর্থনীতি গড়ে তুলতে চায়। সম্মেলনে এফআইসিসিআই-এর সভাপতি রুপালী হক চৌধুরী সূচনা বক্তব্য দেন। এতে সরকারের নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়িক নেতা এবং দেশি-বিদেশি প্রায় ৬শ' বিশিষ্ট প্রতিনিধি অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২