
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে প্রবাসীদের ভোটার হওয়ার ক্ষেত্রে আবেদন, বায়োমেট্রিক প্রদান এবং তদন্তের দীর্ঘ ধাপ পার হতে হয়। তবে নতুন ব্যবস্থায় প্রবাসীরা তাদের বায়োমেট্রিক তথ্য সরাসরি অনলাইনে আপলোড করতে পারবেন। বুধবার (২২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সচিব জানান, নতুন প্রক্রিয়ায় বায়োমেট্রিক তথ্য আপলোডের পর নির্বাচন কমিশন তার যথার্থতা যাচাই করে দ্রুত অনুমোদন দেবে, যার ফলে বিদ্যমান জটিলতা ও সময় সাশ্রয় হবে। তিনি বলেন, প্রবাসীদের ভোটার নিবন্ধনের বিষয়টি আগে দুই ধাপের ছিল। এখন বায়োমেট্রিক আপলোড করার পর তদন্তে যথার্থতা পাওয়া গেলে এখান থেকেই অনুমোদন দেওয়া হবে, এতে একটি ধাপ কমে যাবে। এছাড়া ভোটার এলাকা বা মাইগ্রেশন পরিবর্তনের আবেদনও এখন থেকে সম্পূর্ণ অনলাইনে গ্রহণ করা হবে এবং এই সেবার জন্য নির্ধারিত সংশোধন ফি নেওয়া হবে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত অন্যান্য সেবার মানোন্নয়নেও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসি সচিব জানান, এখন থেকে জেএসসি, এসএসসি বা পাবলিক পরীক্ষার সনদে থাকা জন্মতারিখের ভিত্তিতে স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পাবেন। বর্তমানে এই কাজটি কেন্দ্রীয়ভাবে করা হয়।
ভবিষ্যতে এনআইডি ডাটা সংগ্রহের বয়সসীমা কমানোর বিষয়েও কমিশন পর্যালোচনা করছে। বর্তমানে ১৬ বছর ও তদূর্ধ্বদের তথ্য সংগ্রহ করা হয় এবং ১৮ বছর বয়সে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। ডাটা সংগ্রহের এই স্তরটি এসএসসি, অষ্টম শ্রেণি নাকি প্রাথমিক পর্যায় থেকে শুরু করা হবে, তা নিয়ে তুলনামূলক বিশ্লেষণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২