
জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম পৃথক দুটি মামলার রায় ঘোষণা করেছেন। রায়ে স্ত্রী হত্যার দায়ে এক স্বামীকে মৃত্যুদণ্ড এবং এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
হত্যা মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৪ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী হনুফা বেগমকে মারধর করে হত্যা করেন তার স্বামী হাফিজুল। ঘটনার পর নিহতের মা আমেনা বেগম একই বছরের ১৯ সেপ্টেম্বর বকশীগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাতজন সাক্ষীর সাক্ষ্য ও আলামত পর্যালোচনার পর আদালত প্রধান আসামি হাফিজুলকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
অপরদিকে, ২০২৪ সালের ২২ ডিসেম্বর এসএসসি পরীক্ষার্থী এক কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার পথে জামালপুর সদর উপজেলার হরিপুর এলাকা থেকে অপহৃত হয়। এ ঘটনায় কিশোরীর বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ গাজীপুর থেকে তাকে উদ্ধার করে। এই মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত শামীম, সাদেক ও জালাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে জালাল মিয়াকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানিয়েছেন, আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে অনুসরণ করেই আদালত এই রায় প্রদান করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই রায় সমাজে অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ন্যায়বিচারের প্রতি বিচারপ্রার্থীদের আস্থা আরও সুদৃঢ় করবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২