

দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যস্ত সড়কের পাশে বসে কাঁদছিল দুই বোন, জিমি (৮) ও জান্নাতি (৩)। রোববার সকাল ১০টার দিকে কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা তাদের কাছে এগিয়ে যান। জিমি তখন উপস্থিত লোকজনকে জানায়, তাদের মা তাদের এখানে বসিয়ে রেখে টাকা আনার কথা বলে চলে গেছেন, কিন্তু অনেক সময় পার হলেও মা ফিরে আসছেন না।
শিশু দুটি হাকিমপুর উপজেলার কাঁকড়াবালী গ্রামের জীবন মিয়া ও শাহানাজ পারভীন দম্পতির সন্তান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জীবন মিয়া মাদকাসক্ত হওয়ায় স্ত্রী-সন্তানদের খোঁজখবর রাখেন না এবং পরিবারে প্রায়ই অভাব-অনটন ও ঝগড়া লেগেই থাকত। গত ১৭ জুলাই রাতে ঝগড়ার জের ধরে জীবন মিয়া ঢাকার উদ্দেশে বাড়ি ছাড়েন। একই রাতে শাহানাজ তার তিন সন্তানকে নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সাগুরা গ্রামে বাবার বাড়িতে চলে যান।
ঘটনার দিন সকালে পারিবারিক বিষয় নিয়ে শাহানাজের সঙ্গে আবারও বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাগের মাথায় তিনি তিন সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে হিলি স্থলবন্দরের পাশের সড়কে দুই মেয়েকে রেখে কোলের শিশুসন্তানসহ তিনি বাবার বাড়িতে ফিরে যান।
রাস্তায় শিশুদের কাঁদতে দেখে স্থানীয় লোকজন তাদের খাবার কিনে দেন এবং বিষয়টি হাকিমপুর থানায় জানান। খবর পেয়ে পুলিশ হিলির সড়ক থেকে শিশু দুটিকে উদ্ধার করে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, জিমির দেওয়া তথ্য ও স্থানীয়দের সহযোগিতায় বিকেলে পুলিশ জয়পুরহাটে তাদের নানির বাড়িতে যায়। সেখানে শাহানাজ পারভীনের মা আরজিনা বেগম, ভাই আলী এবং গ্রামবাসীর উপস্থিতিতে শিশু দুটিকে তাদের মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২