
ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোনো পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, আমাদের সামনে রাজনীতির পথ পরিষ্কার এবং আমরা আর কখনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। রাজপথে গণতন্ত্রের জন্য আর যেন রক্ত দেওয়ার পরিস্থিতি তৈরি না হয়, সেই পরিবেশ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই কারো একার নয় এবং এর চেতনা নিয়ে ব্যবসা করা উচিত নয়। গুলিতে প্রাণ দেওয়া ছাত্র ও তরুণরা একটি মুক্ত গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ চেয়েছিল। তিনি স্মরণ করিয়ে দেন যে, হাসিনা সরকারের পেছনে রাষ্ট্রযন্ত্র ও বিদেশি শক্তির সমর্থন থাকা সত্ত্বেও নিরস্ত্র ও নিরীহ ছাত্র-জনতা খালি হাতে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংসদ বা সংসদের বাইরে বহুমত ও দ্বিমত থাকা স্বাভাবিক, কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকাতে সংসদীয় ও গণতান্ত্রিক রাজনীতিকে শক্তিশালী করার বিকল্প নেই।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ক্ষমতার লোভে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও দেশের মৌলিক প্রশ্নে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর সভায় সভাপতিত্ব করেন। তিনি আওয়ামী লীগকে ইতিহাসের অতীত অধ্যায় হিসেবে অভিহিত করে দলটির সব ধরনের রাজনৈতিক তৎপরতা কঠোরভাবে দমনের আহ্বান জানান। জামায়াতের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি অভিযোগ করেন যে, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জামায়াতপন্থিদের পদায়ন করার চেষ্টা চলছে। তিনি পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয় এবং বিসিএস ক্যাডারসহ বিভিন্ন খাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের প্রভাব প্রতিষ্ঠার অভিযোগও তোলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২