

রাজধানীর পুরান ঢাকার নলগলা এলাকায় নর্দমা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ হওয়া একজন পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ প্রায় ২৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম মিলন শেখ (৩৮)। শুক্রবার (১৮ জুলাই) বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা নলগলা এলাকা থেকেই তাঁর মরদেহ উদ্ধার করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ৩০ নম্বর ওয়ার্ডের নলগলা এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ করার সময় মিলন শেখ নিখোঁজ হন। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারগাঁও গ্রামের জহিরুল শেখের ছেলে। মিলন শেখ রাজধানীর শ্যামপুরের নতুন আলী বহর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
কোতোয়ালি থানা-পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ওই এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ শুরু করেন। বেলা একটার দিকে মিলন শেখ একটি ম্যানহোলে নামেন। ম্যানহোলে নামার ঘণ্টাখানেক পর হঠাৎ করে রশি ছিঁড়ে তিনি নিচে পড়ে যান। সঙ্গে থাকা অন্য পরিচ্ছন্নতাকর্মীরা তাৎক্ষণিকভাবে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয়। প্রায় ২৫ ঘণ্টা একটানা চেষ্টার পর শুক্রবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানিয়েছেন, ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানেই তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২