
ভারতে অবস্থানরত শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরে এলে তাকে গ্রেপ্তার করা হবে এবং তার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তার আওতায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ভারত সরকারকে এ বিষয়ে পত্র দেওয়া হয়েছে এবং নিয়মিত তাগাদা দেওয়া হচ্ছে। সরকার তাকে আইনি প্রক্রিয়ায় ফেরত এনে বিচারের মুখোমুখি করতে চায়।
তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ও আদালতের আদেশের বিষয়টি আইন ও আদালতই নির্ধারণ করবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে, তবে সেটিও আইনি প্রক্রিয়ায় শুনানি ও নিষ্পত্তির বিষয়। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।
অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতির সঙ্গে এই প্রত্যাবর্তনের যোগসূত্র নিয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না। তবে সরকার তাকে আইনানুগভাবেই দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করতে চায়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২