
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জেলা তথ্য কর্মকর্তাদের আধুনিক ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ক এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, পরিবর্তিত তথ্য-প্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রথাগত কার্যক্রমের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন সময়ে দ্রুত, নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, অতীতে জেলা তথ্য কর্মকর্তাদের প্রধান কাজ ছিল প্রজেক্টর ও প্রচারযান নিয়ে সচেতনতা তৈরি করা; এই কাজের গুরুত্ব থাকলেও বর্তমান বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ আধুনিক মাধ্যমগুলোর কার্যকর ব্যবহার অপরিহার্য।
তথ্যপ্রবাহকে পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য রাখা তথ্য মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সময়ে তথ্য মানুষের জীবনের জন্য অক্সিজেনের মতো অপরিহার্য। ভুল তথ্য বা মিসইনফরমেশন এবং অপতথ্য বা ডিসইনফরমেশন মোকাবিলা করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছানো সরকারের অন্যতম কর্তব্য। সরকারের কার্যক্রম সময়মতো জনগণের সামনে তুলে ধরতে ব্যর্থ হলে বিভ্রান্তির সুযোগ তৈরি হয় এবং জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। এ সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনার তথ্য প্রতিদিন সংগ্রহ, সমন্বয় ও প্রচারের জন্য গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য অধিদপ্তরকে (পিআইডি) যৌথভাবে কাজ করার নির্দেশ দেন।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দুর্যোগ সংক্রান্ত তথ্যের নিয়মিত হালনাগাদ নিশ্চিত করতে একটি অনলাইন ড্যাশবোর্ড বা ডিজিটাল পোর্টাল চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের অনেক কাজ দৃশ্যমান না হলেও এর প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন জেলার তথ্য কর্মকর্তারা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২