
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি জোরদার করা, দ্রুত জাতীয় কার্যকরী কমিটির সভা আহ্বান এবং সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। রবিবার (১২ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের পর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠকে সরকারের বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জন্য ভাতা কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে স্থায়ী কমিটি। পাশাপাশি দলের ঘোষিত নির্বাচনী ইশতেহার নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়নের বিষয়ে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।
জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধী দলগুলোর বক্তব্য নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে জনগণের কাছে দলের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার লক্ষ্যে প্রচার ও সাংগঠনিক কার্যক্রম আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলীয় ইউনিটগুলোকে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দলের মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আলোচনায় স্থায়ী কমিটির সদস্যরা মত দেন যে, এসব সফর বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারত্ব বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে উল্লেখ করা হয়। একইসঙ্গে দেশে মাদক সমস্যার বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সাংগঠনিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে দলের সব ইউনিট ও সহযোগী সংগঠনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং সাবেক চিফ হুইপ ও সাবেক মন্ত্রী হারুন-অর-রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া দলের সিনিয়র নেতা মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২