
দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নে ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা জেলার চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাবিত সেতুর স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। শনিবার (১১ জুলাই) তিনি সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের প্রস্তাবিত স্থানসমূহ পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সেতু সচিব ঝালকাঠি জেলার সুগন্ধা নদীর উপর প্রস্তাবিত নলছিটি-ষাট পাকিয়া সেতু, পিরোজপুর জেলার সন্ধ্যা নদীর উপর ইন্দেরহাট-স্বরূপকাঠি নামক স্থানে প্রস্তাবিত নেছারাবাদ সেতু ও আমড়াঝুড়ি-আশোয়া সেতু এবং খুলনা জেলার ভৈরব নদীর উপর জেলখানা ঘাট-সেনের বাজার সেতুর সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখেন। এ সময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব এবং প্রকল্প মনিটরিং টিমের আহবায়ক আলতাফ হোসেন সেখ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেনসহ স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগের খুলনার নির্বাহী প্রকৌশলী এবং স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে স্থানীয় অংশীজনদের উদ্দেশ্যে মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। দেশের প্রতিটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও নিরবচ্ছিন্ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এই সেতুগুলো নির্মিত হলে তা কেবল ইট-পাথরের কাঠামো হবে না, বরং এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তির সোপান হিসেবে কাজ করবে। স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করে দ্রুততম সময়ে প্রকল্পগুলো বাস্তবায়নে সেতু বিভাগ কাজ করছে বলেও তিনি জানান।
সেতু সচিব বলেন, বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সেতুগুলো নির্মিত হলে তা জাতীয় অর্থনীতিতে ব্যাপক গতির সঞ্চার করবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে। এদিকে, প্রস্তাবিত সেতুগুলোর স্থান পরিদর্শনে আসায় স্থানীয় জনপ্রতিনিধি ও অংশীজনরা প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সেতুগুলো নির্মিত হলে উপকূলীয় অঞ্চলের যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। একই সাথে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২