
বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ই-ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। এই নতুন ব্যবস্থার মাধ্যমে এখন থেকে কোনো ট্রাভেল প্যাকেজ বুকিং করলেই বিমান টিকিট, হোটেল বুকিং এবং ইলেকট্রনিক পর্যটক ভিসা (ই-ভিসা) প্রক্রিয়া একসঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন করার বা সৌদি দূতাবাসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। গত ১০ জুলাই গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রাথমিকভাবে যে সাতটি দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন, তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকো। এই ওয়ান-স্টপ সলিউশনের আওতায় সৌদি সরকারের অনুমোদিত এজেন্সির মাধ্যমে রিটার্ন ফ্লাইটের টিকিট এবং হোটেল বুক করার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে ই-ভিসা ও ভ্রমণ বিমা যুক্ত হয়ে যাবে। অনুমোদিত এজেন্সির মাধ্যমে প্যাকেজ কেনার সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে এবং ইমেইলের মাধ্যমে ভ্রমণ-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র আবেদনকারীর কাছে পাঠিয়ে দেওয়া হবে।
সৌদি সরকার এই পরিষেবা প্রদানের জন্য প্রাথমিকভাবে ‘রিজারভাল’ ও ‘আলমোসাফের’ নামের দুটি ট্রাভেল এজেন্সিকে লাইসেন্স দিয়েছে। এই প্যাকেজের অধীনে দেওয়া সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকবে ৩ মাস। এই ভিসার মাধ্যমে সৌদি আরবে সর্বনিম্ন ২ দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে। তবে শর্ত অনুযায়ী, প্যাকেজ বুকিংয়ের ক্ষেত্রে নিশ্চিত রিটার্ন ফ্লাইটের টিকিট থাকতে হবে এবং হোটেলটি অবশ্যই পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত ন্যূনতম ফোর-স্টার মানের হতে হবে।
ব্যয় সংক্রান্ত তথ্যে জানা গেছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের প্যাকেজের সর্বনিম্ন মূল্য ৪,০০০ সৌদি রিয়াল এবং এরপর প্রতি অতিরিক্ত দিনের জন্য ১,০০০ সৌদি রিয়াল যুক্ত হবে। এছাড়া ভিসা প্রসেসিং ও ভ্রমণ বিমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২.২১ সৌদি রিয়াল। ভ্রমণকারীরা চাইলে তাদের বুকিংয়ের সঙ্গে বিভিন্ন বিনোদনমূলক ইভেন্টের টিকিটও যুক্ত করতে পারবেন।
সৌদির পর্যটন মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এই প্যাকেজগুলোতে সরাসরি মক্কা ও মদিনার ওমরাহ-সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত থাকবে না। তবে এই ই-ভিসা নিয়ে সৌদি আরবে পৌঁছানোর পর বাংলাদেশি পর্যটকেরা মক্কা ও মদিনাসহ দেশটির যেকোনো দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারবেন। কোনো কারণে ফ্লাইট বা হোটেলের বুকিং বাতিল করতে হলে, অর্থ ফেরত এবং বুকিং পরিবর্তনের বিষয়টি অনুমোদিত ওই দুই এজেন্সির নিজস্ব নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২