যখন সময় ডেস্ক রিপোর্ট:
বরিশাল জেলা নগরীর নবগ্রাম রোড এলাকায় ১ যুবককে কুপিয়ে জখম সহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা, মাদকের বিস্তার ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।
৪ জুন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর সিঅ্যান্ডবি মহাসড়কের চৌমাথা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৩১ মে নবগ্রাম রোডের নলিনী দাস পোল এলাকায় ঘর নির্মাণের বালু রাখাকে কেন্দ্র করে দ্বীন ইসলাম ওরফে মুন্নাকে (৩১) কুপিয়ে গুরুতর জখম করা হয়।
তুচ্ছ ঘটনায় এমন নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, নগরীর পলাশপুর, রূপাতলী ও কাউনিয়া এলাকায় একের পর এক এ ধরনের ঘটনা ঘটছে, এসব অপরাধের মূলে রয়েছে মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের সদস্যরা, অবিলম্বে নগরী থেকে মাদকের আখড়া ও কিশোর গ্যাং নির্মূলের জোর দাবি জানান তারা।
মানববন্ধনে আহত মুন্নার সহপাঠী ও এলাকাবাসীর পাশাপাশি তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন, কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্থানীয় বাসিন্দা মহসিন খান বাশার, ফারুক খান, হুমায়ুন খান, রাসেল ও সজিব হাওলাদারসহ আরও অনেকে।
এদিকে এই হামলার ঘটনায় গত ৩ জুন বুধবার বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে ১ বিবৃতিতে জানানো হয়, ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম ও বর্তমান সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, মাদকাসক্ত ও সন্ত্রাসীরা কোনো দলের হতে পারে না, সামাজিক আন্দোলনের মাধ্যমে এদের প্রতিহত করতে হবে।
গত ৩১ মে সকালে বালু রাখাকে কেন্দ্র করে বিরোধের জেরে মুন্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়।
এ ঘটনায় মুন্নার মা কুলসুম বেগম বাদী হয়ে মিলন খান ও রানা সহ ৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
পরিবারের অভিযোগ, আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে,
মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মজুমদার।
তিনি বিক্ষোভ কারীদের বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, সন্ত্রাস ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে, দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২