স্টাফ রিপোর্টার
রংপুর:
সারাদেশের ন্যায় রংপুরে জ্বালানি সংকট মোকাবিলা, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে কঠোর অবস্থানে রয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। গেল ৪৮ ঘণ্টায় নগরীর ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ৮৮টি মামলা এবং ৫০টি যানবাহন আটক করা হয়েছে।
আজ (২ এপ্রিল) বৃহস্পতিবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নগরীর ডিসির মোড়, মেডিকেল মোড়, মাহিগঞ্জ সাতমাথা, কেন্দ্রীয় বাস টার্মিনাল, শাপলা চত্বর ও মডার্ন মোড়ে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল, ট্রাক ও কারসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো চালককে জ্বালানি তেল না দেওয়ার জন্য পেট্রোল পাম্প মালিক সমিতিকে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, নগরীর নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখা এবং মাদকসহ যেকোনো অপতৎপরতা প্রতিরোধে পুলিশ নিরলসভাবে কাজ করছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ কমিশনার এ সময় জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলে পুলিশকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২