
আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফরে আসছেন। সরকারি সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী এই সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে পৌঁছে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুর ২টায় তিনি ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় উপস্থিত হয়ে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেবেন।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করবেন। বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করার কথা রয়েছে তার এবং রাত ৯টার দিকে তিনি ঢাকায় পৌঁছাবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতি চলছে। ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে সভাস্থলে মঞ্চ ও উদ্বোধনী ফলকের স্থানসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশুদ্ধ পানি সরবরাহ, বহনযোগ্য শৌচাগার ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করছে। পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগ ফেনী-পরশুরাম প্রধান সড়ক ও সুবার বাজার সড়কের বিভিন্ন অংশ সংস্কার করছে। স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
উল্লেখ্য, এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের কথা থাকলেও পরবর্তীতে তা স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২