
কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক শফিকুল ইসলাম তুলু (২৯) এবং পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে নিখোঁজ কৃষক সিরাজ উদ্দিন মোড়লের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে পৃথক দুটি স্থান থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিখোঁজ হওয়ার প্রায় দুইদিন পর রোববার ভোরে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার আশপাশ থেকে পর্যটক শফিকুল ইসলাম তুলুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিকুল গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২৫ সদস্যের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। বিকেল ৩টার দিকে দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় তাদের বহনকারী নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। নৌকা মেরামতের অপেক্ষায় থাকা অবস্থায় শফিকুলসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে শফিকুল গভীর পানির দিকে চলে গেলে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্য দুইজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও কোনো সন্ধান পায়নি। রোববার সকাল ৬টার দিকে স্থানীয়রা হাওরের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে নিকলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে মরদেহ উদ্ধার করে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, গত শুক্রবার সকাল ৮টার দিকে পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় কৃষক সিরাজ উদ্দিন মোড়ল নিখোঁজ হন। সিরাজ মোড়ল বাহাদিয়া মোড়ল বাড়ির মৃত রইছ উদ্দিনের ছেলে। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দিন তল্লাশি চালিয়েও তার খোঁজ পায়নি। অবশেষে রোববার সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শ্রীপুরের বরমী এলাকা থেকে স্বজনরা তার ভাসমান মরদেহ উদ্ধার করেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, শুক্রবার সকালে ঘাস কাটতে যাওয়ার পথে নৌকাডুবে নিখোঁজ ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২