স্টাফ রিপোর্টার
রংপুর:
আজ (২৫ এপ্রিল) শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে ১১ দলীয় ঐক্য, রংপুর মহানগরীর উদ্যোগে আয়োজিত মিছিলটি নগরীর জুলাই চত্বর থেকে শুরু হয়ে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও গ্রান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলজুড়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
গণমিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমির এটিএম আজম খান।

এসময় তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে এবং গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি জ্বালানি সংকট নিরসনে টেকসই সমাধান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। দেশব্যাপী সহিংসতা বন্ধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল এবং মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান।
বক্তারা বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং সহনশীল গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তারা অভিযোগ করেন, চলমান সহিংসতা ও নৈরাজ্য দেশের স্থিতিশীলতা নষ্ট করছে এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এছাড়া বক্তারা ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর জোর দেন।
উক্ত সভা পরিচালনা করেন রংপুর মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল।
এসময় সমাবেশে মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, তা'লীমুল কোরআন বিভাগের দায়িত্বশীল মাওলানা শাহজাহান সিরাজ, এনসিপির রংপুর মহানগর আহ্বায়ক আব্দুল মালেক, এবি পার্টি রংপুর মহানগর সদস্য সচিব মাহবুবার রহমান, এনসিপি রংপুর মহানগর যুগ্ন আহবায়ক আলাউদ্দিন কাদেরী, খেলাফত মজলিসের মুফতি নেয়ামতুল্লাহসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২