মোঃ ইসমাইল হোসেন
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:
রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সুমাইয়া আহমেদ বিন্দু (২০) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে ভাঙচুর চালায়। পরে বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের মধ্যে নগদ অর্থের মাধ্যমে সমঝোতা হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ডিকেএমসি নামের একটি প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া একই উপজেলার পাড়াগাঁও মধ্যপাড়া এলাকার কাউসার আহমেদ জুয়েলের মেয়ে।
স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে সুমাইয়ার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, অপারেশনের পর শোয়া অবস্থায় তাকে খাবার দেওয়ায় খাবার শ্বাসনালীতে ঢুকে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।
স্থানীয় সূত্র জানায়, প্রসব ব্যথা নিয়ে সুমাইয়াকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সিজার অপারেশনের পর তাকে বেডে রাখা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ক্ষোভে হাসপাতালে ভাঙচুর চালায় এবং এলাকায় উত্তেজনা তৈরি হয়।
নিহতের চাচা জাহিদ আমির জানান, চিকিৎসায় অবহেলার কারণেই তার ভাতিজির মৃত্যু হয়েছে বলে তারা মনে করেন। তবে পরে সমঝোতার মাধ্যমে মরদেহ নিয়ে যান।
হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম বলেন, অপারেশনের পর রোগীর স্বজনরা তাকে শুয়ে থাকা অবস্থায় পানি ও রুটি খাওয়ান। এতে খাবার শ্বাসনালীতে চলে গেলে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে এবং দ্রুত আইসিইউতে নেওয়া হয়। তিনি দাবি করেন, চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই পক্ষ আপোষে বিষয়টি মীমাংসা করলে পুলিশ সেখান থেকে চলে আসে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২