স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (৫ মে) সোমবার সকালে
গাইবান্ধায় জামিনে মুক্তির পর আওয়ামী লীগের এক নেতাকে জেলা কারাগারের ফটকের সামনে থেকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত খান মো. সাঈদ হোসেন জসিম গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি পৌর শহরের নতুন বাজার মহুরীপাড়ার (বিহারি পট্টি) মতিন মিয়ার ছেলে। হামলা, ভাঙচুর ও বিস্ফোরকদ্রব্য আইনের তিন মামলায় গ্রেপ্তার হয়ে এক মাস দুই দিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা কারাগারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে পুলিশের একটি পিকআপ ভ্যানে করে সদর থানায় নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, আওয়ামী লীগ নেতা সাঈদ হোসেনকে কারা ফটকের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, গ্রেপ্তারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘তিন মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে আর কোনো মামলা কিংবা অভিযোগ নেই।’ তারপরও কেন গ্রেপ্তার করা হচ্ছে সে বিষয়ে পুলিশের কাছে জানতে চান তিনি।
উল্লেখ্য, বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গেল বছরের ২৬ আগস্ট সদর থানায় হওয়া দুটি মামলার এজাহারভুক্ত আসামি জসিম। এ ছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মিসভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় হওয়া মামলাও এজাহারভুক্ত আসামি তিনি। গত ৩ এপ্রিল রাতে পৌর শহরের পুরাতন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২