
ইটুই সলিউশনস লিমিটেডের ব্যাটারি ক্রয় বাবদ টাকা পরিশোধ না করার অভিযোগে দায়ের করা প্রতারণার মামলায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি। আসামিপক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া।
মামলার বিবরণে জানা যায়, গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় চিত্রনায়িকা ববিসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।
অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১২ নভেম্বর মির্জা আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের কাছে লিথিয়াম আয়ন ব্যাটারি সরবরাহের অনুরোধ করেন। সেই অনুযায়ী ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা মূল্যের পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার ব্যাটারি সরবরাহ করা হয়। তবে ব্যাটারি বুঝে পাওয়ার পর আসামিরা যথাসময়ে টাকা পরিশোধ না করে তালবাহানা শুরু করেন।
চলতি বছরের ১১ জানুয়ারি মামলার বাদী মেহেদি আলম প্রিন্স পাওনা টাকার দাবিতে বিটিএল অফিসে গেলে তাকে টাকা দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এ সময় তাকে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২