
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রমবর্ধমান সহিংসতা, জনদুর্ভোগ এবং অনিয়ন্ত্রিত শব্দদূষণ রোধে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম এই রিটটি করেন। আবেদনে বিশ্বকাপ প্রদর্শনী ও উদযাপনের সময়সীমা নির্ধারণ, আতশবাজি ও লাউড স্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন এবং রাত ১১টার পর উচ্চ শব্দে আতশবাজি ফোটানো বন্ধে কার্যকর নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটকারী আইনজীবী জানান, বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এবারের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এখন পর্যন্ত ১১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া গভীর রাতে উচ্চ শব্দে আতশবাজি ফোটানোর কারণে শিশু ও বয়স্কসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও ঘুমে মারাত্মক বিঘ্ন ঘটছে।
বিশ্বকাপ ফুটবল ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা চললেও বাংলাদেশে এর নেতিবাচক প্রভাবও দৃশ্যমান। যদিও বাংলাদেশ এবারের বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি, তবুও জনপ্রিয় দলগুলোর সমর্থকদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও উত্তেজনা দেখা যাচ্ছে। এই বিরোধ অনেক সময় প্রাণঘাতী সংঘাতে রূপ নিচ্ছে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মো. শরিফুল ইসলাম নামের ৩২ বছর বয়সী এক ব্রাজিল সমর্থক নিহত হন।
পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বকাপ কেন্দ্রিক বিভিন্ন ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, যার মধ্যে অন্তত ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এছাড়াও সংঘর্ষের ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, যেসব স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে, সেসব স্থানে ডিবি পুলিশ নজরদারি জোরদার করবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২