
ইসলামি সমাজ বিশ্লেষণ একটি তাওহিদভিত্তিক বিশ্বদৃষ্টির ওপর প্রতিষ্ঠিত। এটি কেবল বাহ্যিক সামাজিক গঠন বা অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর পর্যালোচনায় সীমাবদ্ধ নয়, বরং সমাজের অন্তর্নিহিত নৈতিক, আধ্যাত্মিক ও কসমিক মাত্রাকেও সমান গুরুত্ব দেয়। আধুনিক সমাজবিজ্ঞান যেখানে বস্তুগত উপাদান ও ইতিহাসনির্ভর আচরণ কাঠামোর ওপর ভিত্তি করে সমাজকে ব্যাখ্যা করে, সেখানে ইসলামি দৃষ্টিভঙ্গি ঈমানভিত্তিক এক স্বতন্ত্র রূপরেখা প্রস্তাব করে। ইবনে খালদুনের ‘আসাবিইয়াহ’ বা সামাজিক বন্ধন তত্ত্ব থেকে শুরু করে শাহ ওয়ালিউল্লাহর ‘ইরতিফাকাত’ বা সহায়ী ক্রমবিকাশ তত্ত্ব পর্যন্ত ইসলামি চিন্তাধারার একটি দীর্ঘ অন্তঃপ্রবাহ রয়েছে, যার মূল লক্ষ্য দুনিয়া ও আখেরাত উভয়ের কল্যাণ।
এই বিশ্লেষণের প্রথম স্তম্ভ হলো ঈমানভিত্তিক দৃষ্টিভঙ্গি। সমাজকে কেবল মানুষের পারস্পরিক চুক্তি হিসেবে না দেখে আল্লাহর নির্দেশিত ব্যবস্থার অংশ হিসেবে দেখা হয়। এর কেন্দ্রে রয়েছে তাওহিদ, রিসালাত এবং আখেরাতের প্রতি বিশ্বাস, যা সমাজের প্রতিটি স্তরে দায়িত্ববোধ তৈরি করে। ইসলামি দৃষ্টিতে মানুষকে কেবল সামাজিক প্রাণী নয়, বরং আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে গণ্য করা হয়। ফলে মানুষের আচরণ শ্রেণিসংগ্রামের মাপকাঠিতে নয়, বরং নৈতিক আত্মজিজ্ঞাসা ও আধ্যাত্মিক দায়বদ্ধতার ভিত্তিতে বিচার করা হয়।
দ্বিতীয় স্তম্ভ হলো শরিয়াহর আনুগত্য। ব্যক্তি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে শরিয়াহর বিধান পালনে সচেষ্ট থাকে, যা সমাজে ন্যায় ও ভারসাম্য প্রতিষ্ঠার কেন্দ্রীয় নীতি। ইসলামি সমাজে জাতীয়তা, বর্ণ বা শ্রেণির পরিবর্তে ঈমানভিত্তিক ‘উম্মাহ’ বা অভিন্ন বিশ্বাসের জনগোষ্ঠীর ধারণা প্রাধান্য পায়। কোরআনের সুরা রাদ-এর ১১ নম্বর আয়াতের আলোকে বলা যায়, সমাজের উত্থান-পতন কেবল অর্থনৈতিক ঘটনা নয়, বরং নৈতিক ও আধ্যাত্মিক স্থিতির ওপর নির্ভরশীল।
মুসলিম সমাজ বিশ্লেষণের জন্য পাঁচটি আন্তঃসম্পর্কিত স্তর রয়েছে: ১. ঈমানি স্তর, যা সব আচরণের ভিত্তি; ২. আখলাকি স্তর, যা চরিত্র ও আত্মশুদ্ধি নিয়ন্ত্রণ করে; ৩. শররি স্তর, যা শরিয়তের আনুগত্যের মাপকাঠি; ৪. উরফি স্তর, যা সাংস্কৃতিক রীতিনীতির ইসলামসম্মত বিচার করে; এবং ৫. ইজতিমায়ি-মায়াশি স্তর, যা সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাকে অবলোকন করে। এই স্তরগুলোর ভিত্তিতে ইবাদত, লেনদেন, আচার-ব্যবহার, ধ্বংসকারী বিষয় বর্জন এবং তওবার মতো পাঁচটি মূল কার্যক্ষেত্রে মুসলিমদের আচরণ বিশ্লেষণ করা হয়।
বর্তমানে র্যান্ড করপোরেশনের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুসলিম সমাজকে বিভিন্ন ভাগে বিভক্ত করার যে প্রবণতা লক্ষ্য করা যায়, তা থেকে উত্তরণের জন্য নিজস্ব দর্শনের আলোকে সমাজ বিশ্লেষণ জরুরি। ইসলামের নিজস্ব ভাষা ও দর্শনের শিকড় তাওহিদের ভেতরে এবং এর কাঠামো নবুয়্যতের হেদায়েতের ওপর প্রতিষ্ঠিত। তাই মুসলিম সমাজকে বাহ্যিক কোনো বর্গীকরণের চেয়ে নিজস্ব ধর্মীয় ও নৈতিক অবস্থানের ভিত্তিতে চেনা ও মূল্যায়ন করাই প্রকৃত ইসলামি সমাজ বিশ্লেষণের দাবি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২