
ইরান যুদ্ধের প্রভাব সামাল দেওয়া এবং যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভারতে সফর করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরের অংশ হিসেবে বুধবার তিনি পশ্চিম ভারতের গুজরাটের জামনগরে অবস্থিত বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার কমপ্লেক্স পরিদর্শনে যান। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নির্ধারিত সূচিতে পরিবর্তন এনে রাতে তিনি জামনগরেই অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন।
জামনগরের এই বিশাল শোধনাগারটি ভারতের বহুজাতিক শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের। পরিদর্শনের পাশাপাশি রিলায়েন্সের প্রধান মুকেশ আম্বানি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রুবিও। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর আগে জানিয়েছিলেন, জামনগরে রুবিও রিলায়েন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফর শুরুর দিন গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দেন যে ভারতের জ্বালানি সরবরাহে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে বলেও জানান তিনি। এর আগে তিনি ভারতকে অপরিশোধিত তেল শোধনের ক্ষেত্রে ‘সুপারপাওয়ার’ হিসেবে অভিহিত করেছিলেন।
বর্তমানে বৈশ্বিক তেল বাণিজ্যে নতুন মাত্রা দিতে চাইছে ওয়াশিংটন। বিশেষ করে চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের পর দেশটির অপরিশোধিত তেলের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র। এখন ভেনেজুয়েলার সেই তেল আমদানির কাজে জামনগর শোধনাগারের বিশাল সক্ষমতাকে কাজে লাগাতে চাইছে তারা। মঙ্গলবার সাংবাদিকদের রুবিও বলেন, ভেনেজুয়েলার অপরিশোধিত তেল আরও বেশি করে শোধন করার বিষয়ে রিলায়েন্সের সঙ্গে আলোচনা করা হবে। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, চলতি অক্টোবরে রিলায়েন্স থেকে দৈনিক ৩ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ৭০ হাজার ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হতে পারে।
বিশ্লেষকদের মতে, আগামী নভেম্বরের শুরুতে মার্কিন কংগ্রেসে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ক্রমবর্ধমান ডিজেলসহ অন্যান্য জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য জরুরি। একই সঙ্গে ইরান যুদ্ধের পরিস্থিতিতে জ্বালানির বিকল্প ব্যবস্থা করে রাশিয়ার ওপর বাড়তি চাপ তৈরি করাও এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য। এ ছাড়া রিলায়েন্স সম্প্রতি যুক্তরাষ্ট্রে বড় ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যাকে ট্রাম্প প্রশাসন বৈশ্বিক পুঁজি আকর্ষণে নিজেদের সফলতার অন্যতম উদাহরণ হিসেবে তুলে ধরেছে। মার্কিন রাষ্ট্রদূত গত সপ্তাহে জানান, চলতি বছরের শুরুতে রুবিও ভারতে এলেও এবারের সফরটি তুলনামূলক বেশি ব্যবসাকেন্দ্রিক। রুবিওর কার্যালয়ের এক বিবৃতিতে আগেই জানানো হয়েছিল, তিনি বাণিজ্যিক বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ জোরদারে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
বিশ্বের একক বৃহত্তম তেল শোধনাগার হিসেবে জামনগর কমপ্লেক্সটির যৌথ অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণ ক্ষমতা প্রতিদিন ১৪ লাখ ব্যারেল, যা বৈশ্বিক শোধনাগার ক্ষমতার প্রায় ১.৫ শতাংশ। এই কমপ্লেক্সে দুটি শোধনাগার রয়েছে। ১৯৯৯ সালে চালু হওয়া মূল সুবিধার দৈনিক শোধন ক্ষমতা ৬ লাখ ৬০ হাজার ব্যারেল। অন্যদিকে ২০০৮ সালে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) চালু হওয়া রপ্তানিমুখী দ্বিতীয় শোধনাগারটির দৈনিক ক্ষমতা ৫ লাখ ৮০ হাজার ব্যারেল। রিলায়েন্স গত মাসে জানিয়েছে, কমপ্লেক্সটি এ পর্যন্ত ২১৬টির বেশি ধরনের অপরিশোধিত গ্রেড প্রক্রিয়াজাত করেছে, যা তাদের দাবি অনুযায়ী একক কোনো শোধনাগারের জন্য বিরল অর্জন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২