
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা ও দ্বন্দ্বের অবসান ঘটাতে মস্কো মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, তেহরানের সঙ্গে রাশিয়ার বিদ্যমান বন্ধুত্বের সম্পর্ক কোনো অবস্থাতেই ছিন্ন হবে না।
সম্প্রতি ইরানি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মেদভেদেভ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা তুলে ধরেন। তিনি বলেন, মস্কো ও তেহরানের সম্পর্ক বর্তমানে এক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। এর প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, গত বছর দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সাক্ষাৎকারে মেদভেদেভ দুই দেশের যৌথ অর্থনৈতিক ও অবকাঠামোগত প্রকল্পের ওপর গুরুত্বারোপ করেন। রাশিয়ার অর্থায়নে ইরানের রাশত থেকে আজারবাইজান সীমান্তবর্তী আস্তারা পর্যন্ত একটি প্রস্তাবিত রেলপথ নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পটিকে অত্যন্ত ‘রূপান্তরমূলক’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডরের (আইএনএসটিসি) জন্য এই রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই করিডরের মাধ্যমে আজারবাইজান ও ইরানের ওপর দিয়ে ইউরোপ ও রাশিয়া সরাসরি পারস্য উপসাগর এবং ভারতের সঙ্গে যুক্ত হতে পারবে।
এছাড়া জ্বালানি ও পারমাণবিক খাতে সহযোগিতার বিষয়ে রাশিয়ার এই শীর্ষ কর্মকর্তা জানান, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি ইরানে আরও একটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে মস্কো। একই সঙ্গে হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ইরানের গুরুত্বপূর্ণ অবদানের কথাও স্বীকার করেন দিমিত্রি মেদভেদেভ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২