
আসন্ন ইসরায়েলি সাধারণ নির্বাচনে দীর্ঘদিনের মিত্র ও বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি সরাসরি সমর্থন জানানো এড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশিত টাইম সাময়িকীর একটি সাক্ষাৎকারে ট্রাম্পকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি অবস্থান নেওয়া থেকে বিরত থাকেন। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাক্ষাৎকারে নেতানিয়াহুর পুনরায় প্রধানমন্ত্রী হওয়া উচিত কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি ট্রাম্প। এর পরিবর্তে তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিত করতে সহায়তা করাই তাঁর প্রধান লক্ষ্য। একই সঙ্গে ইসরায়েলি জনগণের মধ্যে নিজের ব্যাপক জনপ্রিয়তার কথাও স্মরণ করিয়ে দেন এই মার্কিন প্রেসিডেন্ট।
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের সঙ্গে ভবিষ্যতে ওয়াশিংটন কাজ করতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইতিবাচক মনোভাব দেখান। তিনি বলেন, আইজেনকোট সম্পর্কে নেতিবাচক কিছু শোনেননি তিনি। তবে একই সঙ্গে নেতানিয়াহুকে অবমূল্যায়ন না করার পরামর্শ দিয়ে ট্রাম্প বলেন, অতীতে অনেকেই নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার শেষ বলে ধরে নিয়েছিলেন, কিন্তু তিনি বারবার ঘুরে দাঁড়িয়েছেন। তাই তাঁকে হালকাভাবে নেওয়া ভুল হবে।
সাম্প্রতিক মাসগুলোতে লেবানন ও গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এবং ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে নেতানিয়াহু আগে থেকেই জানতেন—এমন দাবি নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি মনে করেন, নেতানিয়াহু আগে থেকে জানতে পারলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নিতেন।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়েও কথা বলেছেন ট্রাম্প। তিনি জানান, প্রাথমিকভাবে চার থেকে আট সপ্তাহের একটি অভিযানের পরিকল্পনা করা হলেও, পরবর্তীতে ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে এই অভিযানের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া হরমুজ প্রণালি নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ইরান সাময়িকভাবে এই জলপথ বন্ধ করতে সক্ষম হলেও পরে যুক্তরাষ্ট্র এর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। একই সঙ্গে ইরান কর্তৃক উত্থাপিত যুদ্ধবিরতির একটি প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন বলেও সাক্ষাৎকারে জানান ট্রাম্প।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২