
পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে তেল ও জ্বালানি খাতের যেকোনো ধরনের তথ্য প্রকাশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের দেওয়া নিষেধাজ্ঞা কার্যকরের পথ কঠিন করতেই মস্কো এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।
গত সোমবার এ সংক্রান্ত একটি বিশেষ ডিক্রিতে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার সরকারি আইনি তথ্য পোর্টালে প্রকাশিত ওই নথিতে উল্লেখ করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের সহযোগী বিদেশি রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ‘আন্তর্জাতিক আইন পরিপন্থি বৈরী কর্মকাণ্ডের’ জবাবে জরুরি সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই নির্দেশনার ফলে এখন থেকে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে কী পরিমাণ অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা হচ্ছে এবং সেখান থেকে কী পরিমাণ জ্বালানি পণ্য উৎপাদিত হচ্ছে, সেই সংক্রান্ত তথ্য সীমিত প্রবেশাধিকারের আওতায় চলে যাবে। এছাড়া রপ্তানি করা জ্বালানির নাম, পরিমাণ, মূল্য এবং এর ক্রেতা, বিক্রেতা ও মধ্যস্থতাকারীদের পরিচয় প্রকাশ করা যাবে না। একই সঙ্গে লেনদেনের খুঁটিনাটি, সরবরাহের সময়সূচি, পরিবহনযানের বিবরণ, যাতায়াতের পথ, টার্মিনাল ও সংরক্ষণাগারের তথ্য এবং এসব স্থাপনার ভৌগোলিক অবস্থান প্রকাশের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তেল ও জ্বালানি পণ্যের ‘সমন্বিত শুল্ক পরিসংখ্যান’ এবং সম্ভাব্য বিক্রির পরিমাণসংক্রান্ত তথ্যও এখন থেকে সীমিত তথ্য হিসেবে গণ্য হবে।
ডিক্রি অনুযায়ী, গণমাধ্যম কিংবা ইন্টারনেটের মাধ্যমে এসব গুরুত্বপূর্ণ তথ্য আর সর্বসাধারণের জন্য প্রকাশ করা যাবে না। তবে কোনো কোম্পানি যদি নিজস্ব কার্যক্রম পরিচালনার স্বার্থে কোনো তথ্য প্রকাশ করতে চায়, তবে তা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পাশাপাশি তথ্যের মূল মালিকের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট ক্ষেত্রে এই তথ্য দেখার সুযোগ মিলতে পারে। এছাড়া আইনগত ক্ষমতাবলে রাশিয়ার সরকারি সংস্থাগুলো যথারীতি এসব তথ্য ব্যবহারের সুযোগ পাবে। নতুন এই বিধিনিষেধের আওতায় কোন কোন পণ্য পড়বে, সেগুলোর কোড নির্ধারণ এবং সরকারি ব্যবস্থায় থাকা তথ্য স্বয়ংক্রিউভাবে প্রক্রিয়াকরণের নিয়ম অনুমোদনের জন্য রুশ সরকারকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২