
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের পর সৃষ্ট পরিস্থিতিকে ‘ভূমিকম্পে’র সঙ্গে তুলনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই সংঘাতের ফলে অঞ্চলে ‘উত্তেজনা বৃদ্ধির চক্র’ তৈরি হতে পারে।
রোববার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে আয়োজিত কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী বক্তব্যে শেখ মোহাম্মদ এসব কথা বলেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে এমন একটি কাঠামো প্রয়োজন যেখানে রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে সম্মান করা হবে এবং কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের জন্য ‘হুমকি’ হয়ে উঠতে পারবে না।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের অর্থনৈতিক প্রভাব ছিল ‘একটি ভূমিকম্পের’ মতো। এর ‘কম্পন’ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত পৌঁছেছে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে প্রচলিত ধারণাগুলোকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
তিনি আরও বলেন, এই সংকটকালে প্রায় প্রতিটি আলোচনার শুরুতেই নিরাপত্তা ও উত্তেজনা প্রশমনের প্রসঙ্গ উঠে এসেছে; এরপর আলোচনা ঘুরে গেছে জ্বালানি সরবরাহ ও নৌ-চলাচলের পথের দিকে। পাশাপাশি বিনিয়োগ ও পরিকল্পনাগুলোও অব্যাহত থাকবে। তিনি প্রশ্ন রাখেন, যখন সবকিছুতেই এত বেশি বিঘ্ন ঘটছে, তখন শেষ পর্যন্ত কীসের ওপর ভরসা করা যায়?
শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি জানান, দেশের অর্থনীতি ও নিরাপত্তার ‘ভিত্তি’ যে পরীক্ষার মুখে পড়েছিল, কাতার তা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তবে তিনি স্বীকার করেন যে, অঞ্চলটিতে চলমান সংঘাতের প্রভাব কাতারের ওপরও পড়ছে।
পরিশেষে তিনি বলেন, এমন কোনো ব্যবস্থার মাধ্যমে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়, যেখানে কোনো একটি রাষ্ট্রকে স্থায়ীভাবে নিরাপত্তাহীনতার মধ্যে রাখা হয়। আমাদের উত্তেজনার উৎসগুলো মোকাবিলা করতে হবে এবং পারস্পরিক আস্থা গড়ে তুলতে হবে।
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৩
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২