
ইরানে চলমান সংঘাতের সময় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে জাতিসংঘের একটি স্বাধীন আন্তর্জাতিক তথ্যানুসন্ধান মিশনের দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, ওয়াশিংটন এই প্রতিবেদনের ফলাফলকে বিশ্বাসযোগ্য মনে করে না।
গত বৃহস্পতিবার জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন তাদের প্রতিবেদনে দাবি করে যে, ইরানে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ করার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে। প্রতিবেদনে ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ওই হামলায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে অন্তত ১২০ জনই ছিল স্কুলশিক্ষার্থী।
এ ছাড়া প্রতিবেদনে অন্য একটি বিমান হামলার তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সহজেই শনাক্তযোগ্য একটি ক্রীড়া স্থাপনা ও আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে, যাতে ২২ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, প্রতিবেদনটি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জমা দেওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনটির বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, জাতিসংঘের এই কাউন্সিল যুক্তরাষ্ট্রবিরোধী বক্তব্য ও ইহুদিবিদ্বেষ ছড়ানোর পাশাপাশি দমনমূলক শাসনব্যবস্থাকে প্রশ্রয় দিয়ে আসছে। উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। সেই সময় ওয়াশিংটন অভিযোগ তুলেছিল যে, এই কাউন্সিল মার্কিন স্বার্থের পরিপন্থী কাজ করছে।
এদিকে হোয়াইট হাউসও আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, এই সংঘাতের প্রেক্ষাপটে একমাত্র ইরানের শাসকগোষ্ঠীই যুদ্ধাপরাধ করেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২