
সীমান্তপারের ক্রমবর্ধমান অপরাধ, অনলাইন প্রতারণা, মানব পাচার, জাল নথি তৈরি এবং পরিচয় অপব্যবহারের মতো জটিল অপরাধ দমনে নতুন উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। এ লক্ষ্যে দেশটির ইমিগ্রেশন বিভাগ এবং যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশনের (এমসিএমসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার পুত্রজায়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের উপস্থিতিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়।
নতুন এই সমঝোতার মূল লক্ষ্য হলো সীমান্তপারের অপরাধ মোকাবিলায় মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা। বিশেষ করে প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সংঘটিত অপরাধগুলো যেভাবে জটিল আকার ধারণ করছে, তা শনাক্ত, প্রতিরোধ ও দমনে এই দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এই চুক্তির আওতায় মানবপাচার, অভিবাসী পাচার, জাল নথির ব্যবহার এবং পরিচয় চুরির মতো অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সক্ষমতা জোরদার করা হবে।
প্রযুক্তিগত সক্ষমতার সমন্বিত ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন প্রতারণা ও ডিজিটাল প্রযুক্তিভিত্তিক অপরাধ থেকে সুরক্ষা দেওয়ার বিষয়টিও এই সহযোগিতার অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে মালয়েশিয়ার স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. শামসুল আনুয়ার নাসারাহ, যোগাযোগ মন্ত্রণালয়ের মহাসচিব আবদুল হালিম হামজা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব আওয়াং আলিক জেমান, এমসিএমসির চেয়ারম্যান তান শ্রী মোহাম্মদ সালিম ফাতেহ দিন এবং ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সমঝোতার ফলে ইমিগ্রেশন ও ডিজিটাল যোগাযোগ খাতের কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরও বাড়বে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২