
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের প্রতি ‘ন্যায্য আচরণ’ করার জন্য দেশটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। কারাবন্দি এই রাজনীতিবিদের সাথে অতীতে অন্যান্য রাজনৈতিক নেতাদের মতো সমান আচরণ করার দাবি জানিয়েছেন তিনি। সাবেক ইংল্যান্ড অধিনায়ক ইয়ান বোথামের সঙ্গে যৌথভাবে উপস্থাপিত ‘ওল্ড বয়েজ, নিউ বলস’ পডকাস্টে অংশ নিয়ে আকরাম এই মন্তব্য করেন। সম্প্রতি ইমরানের সুচিকিৎসা ও মুক্তির দাবিতে সাবেক অধিনায়ক ও ক্রিকেটারদের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন তিনি। অনলাইন জিও নিউজ এই খবরটি প্রকাশ করেছে।
১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম প্রধান তারকা ওয়াসিম আকরাম বলেন, তিনি তার সাবেক অধিনায়ককে একজন বন্ধু, পরামর্শদাতা ও নেতা হিসেবে ভীষণভাবে মিস করেন। গত তিন বছর ধরে ইমরানের কোনো ছবি দেখতে না পাওয়ার আক্ষেপ প্রকাশ করে আকরাম বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের চাওয়া শুধু এটুকুই যে, অতীতে অন্যান্য রাজনীতিকদের সাথে যেমন আচরণ করা হয়েছে, তার সাথেও যেন তেমন ন্যায্য আচরণ করা হয়। তিনি আশা প্রকাশ করেন, পুরো দেশ ইমরানের পাশে রয়েছে এবং ইনশাআল্লাহ তিনি দ্রুতই মুক্তি পাবেন।
ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ইমরান খানের উন্নত চিকিৎসার দাবিতে কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে আবেদন জানান ২১ জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক। সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে ইমরানের চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানান তারা। এর আগে গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ ৭৩ বছর বয়সী ইমরান খানকে দুই দিনের মধ্যে আদিয়ালা কারাগার থেকে চিকিৎসা ও পরীক্ষার জন্য শিফা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। ২০২৩ সালের আগস্টে বিভিন্ন মামলায় সাজা হওয়ার পর থেকে তিনি কারাবন্দি আছেন। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়, যেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান খান।
তবে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি জানান, ইমরান খানকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়েছিল এবং সেখানে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন। মন্ত্রীর দাবি অনুযায়ী, ইমরানের বোন ও তার ব্যক্তিগত চিকিৎসকদের উপস্থিতিতেই এই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। চক্ষু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ও মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল দল বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর ইমরান খানকে ‘চিকিৎসাগতভাবে সম্পূর্ণ সুস্থ’ বলে ঘোষণা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২