
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল উলদ শেখ আহমেদ। বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এক বিশেষ বৈঠকে তাকে এই পদে নির্বাচিত করা হয়। একই বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা এবং জেরুজালেমের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
৬৬ বছর বয়সী ইসমাইল উলদ শেখ আহমেদ বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২১ সালের শেষ দিক থেকে দায়িত্ব পালন করা হুসেইন ইব্রাহিম তাহার মেয়াদ আনুষ্ঠানিকভাবে আগামী নভেম্বরে শেষ হবে।
নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদের রয়েছে দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ইয়েমেনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসেবে কাজ করেছেন। এছাড়া লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশনেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে।
২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ইয়েমেনে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সিরিয়াতেও তিনি একই ধরনের দায়িত্ব পালন করেছিলেন। তিনি আরবি ভাষার পাশাপাশি ফরাসি ও ইংরেজিতেও কথা বলতে পারেন।
উল্লেখ্য, ওআইসি মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করে। এর মধ্যে ফিলিস্তিনের জাতীয় অধিকার ও জেরুজালেমের মর্যাদা অন্যতম প্রধান বিষয় হিসেবে বিবেচিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২