
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। দেশটির পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত বন্যায় মোট ৩৩২ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে দুপুর ২টা ৩০ মিনিটের আপডেটে মৃতের সংখ্যা ছিল ২৮৯ জন। অল্প সময়ের ব্যবধানেই এই সংখ্যা বৃদ্ধি পেল।
এই দুর্যোগে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার দুপুরে জানান, নেপালে আকস্মিক বন্যার কারণে ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এদের মধ্যে ত্রিশুলি ওয়ান পাওয়ার প্রজেক্টে কর্মরত ৭৩ জন রয়েছেন। কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস ওই প্রজেক্টের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানান জয়সওয়াল। নিখোঁজ ভারতীয়দের মধ্যে পর্যটকদের সংখ্যাও রয়েছে। কৈলাস ও মানস সরোবরের উদ্দেশে রওনা হওয়া তামিলনাড়ুর দুটি দল (৩৭ ও ৪৯ জনের), পশ্চিমবঙ্গ থেকে যাওয়া ৩২ জনের একটি দল, কেরালা থেকে যাওয়া ৩৩ জনের একটি দল এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া ৬১ জনের অন্য একটি দল এখনো যোগাযোগহীন অবস্থায় রয়েছে। তবে তামিলনাড়ুর ২১ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তাদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জয়সওয়াল আরও জানান, নেপাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ভারতীয় নাগরিকদের নিরাপদে উদ্ধারের সবরকম চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া কৈলাস ও মানস সরোবরের উদ্দেশে যাওয়া আরও প্রায় ২০০ জন তীর্থযাত্রী চীনের সীমান্তে আটকে পড়েছেন। তাদের উদ্ধারের বিষয়ে বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস চীনের সঙ্গে সমন্বয় করছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২