
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া স্থগিত রাখার বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। নিউইয়র্কের ম্যানহাটন শহরের জেলা জজ আদালতের বিচারক জ্যানেট ভার্গাস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার ওপর ভিত্তি করে নেওয়া এই নীতিটিকে অবৈধ বলে রায় দিয়েছেন। এর মাধ্যমে স্থগিতাদেশটি বাতিল হয়ে গেল।
গত শুক্রবার মামলার রায় দেওয়ার সময় বিচারক জ্যানেট ভার্গাস উল্লেখ করেন, নির্দিষ্টভাবে ৭৫টি দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত রাখার যে নীতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করেছে, তা তাদের আইনি এক্তিয়ারের মধ্যে পড়ে না। এই সিদ্ধান্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিধিবদ্ধ ক্ষমতার সীমাকে অতিক্রম করেছে বলেও রায়ে বলা হয়।
লিখিত রায়ে বিচারক আরও উল্লেখ করেন, "আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ভিসা প্রক্রিয়াকরণ চালু রাখা বা স্থগিত করার যে নীতি পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়েছে, সেটি যুক্তরাষ্ট্রের ভিসানীতি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিধিবদ্ধ এক্তিয়ারের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক"।
উল্লেখ্য, চলতি ২০২৬ সালের ১৩ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, কলম্বিয়া, মিসর, সিরিয়া, ভেনেজুয়েলাসহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণ, গ্রিনকার্ড ও নাগরিকত্বের আবেদন পর্যালোচনা এবং গ্রিনকার্ড প্রস্তুতের প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দেয়। ট্রাম্প প্রশাসনের এই স্থগিতাদেশটি আট দিন পর অর্থাৎ ২১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছিল।
তৎকালীন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলা হয়েছিল, এসব দেশের অভিবাসীদের মধ্যে সরকারি সাহায্য নেওয়ার প্রবণতা 'অতিমাত্রায়' বেশি। এর ফলে যুক্তরাষ্ট্রের সাধারণ করদাতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ট্রাম্প প্রশাসনের এই নীতিকে চ্যালেঞ্জ করে অভিবাসী অধিকার সংস্থা 'ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক' এবং 'আফ্রিকান কমিউনিটিজ টুগেদার' ম্যানহাটন জেলা আদালতে মামলা দায়ের করে। শুক্রবার সেই মামলার চূড়ান্ত রায় দেন বিচারক জ্যানেট ভার্গাস।
এর আগে গত ৩ আগস্ট যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া জেলা জজ আদালতের বিচারক অমিত মেহতাও এক মামলার রায়ে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের গ্রিনকার্ডের আবেদন পর্যালোচনায় ট্রাম্প প্রশাসনের দেওয়া স্থগিতাদেশকে অবৈধ ঘোষণা করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২