
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শুক্রবার থেকে এই আবেদন গ্রহণ করা হচ্ছে এবং তা চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, আগ্রহী শিক্ষকেরা তাদের বদলির জন্য মাউশির নির্দিষ্ট বদলি আবেদন পোর্টাল ব্যবহার করতে পারবেন।
নতুন সংশোধিত বদলি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে পছন্দের ক্রমানুসারে বদলির আবেদন করার সুযোগ পাবেন। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে আবেদন যাচাই-বাছাই সম্পন্ন করে বদলির আদেশ দেওয়া হবে। শিক্ষক তার নিজ জেলায় আবেদনের পাশাপাশি নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন। এছাড়া স্বামী বা স্ত্রীর নিজ জেলা কিংবা তাদের কর্মস্থল (সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত প্রতিষ্ঠান) ভিত্তিক জেলায়ও বদলির আবেদন করা যাবে।
বদলির আবেদনের যোগ্যতার ক্ষেত্রে চাকরিতে দুই বছর পূর্ণ হওয়ার শর্ত দেওয়া হয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের পর কমপক্ষে দুই বছর সেখানে কর্মরত থাকতে হবে, এরপরই পরবর্তী বদলির জন্য আবেদন করা সম্ভব হবে। তবে যেসব শিক্ষকের এমপিও বন্ধ রয়েছে, যারা সাময়িক বরখাস্ত আছেন কিংবা যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান রয়েছে, তারা বদলির আবেদন করতে পারবেন না। অসম্পূর্ণ বা ভুল তথ্যের আবেদন বিবেচনা করা হবে না।
মাউশি সতর্ক করেছে যে, বদলির সফটওয়্যারে প্রতিষ্ঠানের দেওয়া তথ্যে কোনো ভুল থাকলে আবেদনকারী শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধানকে শিক্ষককে অবমুক্ত করতে হবে এবং অবমুক্ত হওয়ার ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
উল্লেখ্য, গত ৬ মে জারি করা সংশোধিত নীতিমালার আওতায় সহকারী শিক্ষক, প্রভাষক ও সহকারী অধ্যাপকদের পাশাপাশি অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রদর্শক ও ট্রেড ইন্সট্রাক্টররাও সমপদে বদলির সুযোগ পাচ্ছেন। ২০২৬ সালে প্রণীত এই নীতিমালা অনুযায়ীই আবেদনগুলো যাচাই-বাছাই করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২