
দলত্যাগবিরোধী আইনের আওতায় বিদ্রোহী ২০ জন সংসদ সদস্যকে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়ে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, লোকসভার মহাসচিব এবং ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির (এনসিপিআই) ওই ২০ এমপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এই আবেদনটি সুপ্রিম কোর্টে নথিভুক্ত করা হয়েছে।
আবেদনে অভিযোগ করা হয়েছে, বারবার আবেদন ও স্মারকপত্র দেওয়া সত্ত্বেও দলত্যাগবিরোধী আইনের অধীনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন লোকসভার স্পিকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবার গত ১৯ জুন স্পিকারের কাছে এ বিষয়ে আবেদন করেন। লোকসভা সদস্যদের দলত্যাগের কারণে অযোগ্যতা সংক্রান্ত ১৯৮৫ সালের বিধিমালার ৬ নম্বর বিধির আওতায় ওই ২০ জন এমপিকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছিলেন তিনি।
পরবর্তীতে ২৭ জুলাই স্পিকারকে লিখিতভাবে বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয় এবং ১২ আগস্ট এ নিয়ে অভিষেক স্পিকারের সঙ্গে সরাসরি বৈঠকও করেন। তবে এরপরেও কোনো সিদ্ধান্ত না আসায় তিনি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন।
আবেদনে লোকসভার আসন বিন্যাসে পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেছেন অভিষেক। তার অভিযোগ, স্পিকার আনুষ্ঠানিকভাবে ওই এমপিদের দলবদল স্বীকার করেননি কিংবা এ বিষয়ে শুনানির কোনো নোটিশও জারি করেননি। অথচ বিদ্রোহী এমপিদের সামনের সারিতে বসানো হয়েছে এবং তৃণমূলের সদস্যদের পেছনের সারিতে সরিয়ে দেওয়া হয়েছে।
অভিষেকের দাবি, ওই এমপিরা সংসদের ভেতরে নিজেদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (এআইটিসি) সদস্য হিসেবে বক্তব্য রাখলেও সংসদের বাইরে নিজেদের এনসিপিআইয়ের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছেন। এই অবস্থান দলত্যাগবিরোধী আইনের সঙ্গে সাংঘর্ষিক কি না এবং অযোগ্যতার আবেদন নিয়ে স্পিকার কেন এখনও কোনো সিদ্ধান্ত নেননি, সেই প্রশ্নই সুপ্রিম কোর্টে তুলেছেন অভিষেক। এই আবেদনটির শুনানি চলতি সপ্তাহেই হতে পারে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২