
আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে রাশিয়া এবং উত্তর কোরিয়া সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোরিয়ার মুক্তি দিবসের ৮১তম বার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে পাঠানো এক টেলিগ্রাম বার্তায় তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত ওই বার্তায় পুতিন দুই দেশের বর্তমান সম্পর্ককে 'অভূতপূর্ব মাত্রার বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব' হিসেবে বর্ণনা করেছেন।
রুশ প্রেসিডেন্ট তার বার্তায় উল্লেখ করেন যে, দুই দেশ এখন সব ক্ষেত্রে সক্রিয়ভাবে সহযোগিতা করছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নিজেদের প্রচেষ্টার সমন্বয় ঘটাচ্ছে। দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভবিষ্যতেও রাশিয়া ও উত্তর কোরিয়া যৌথভাবে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পুতিন আরও বলেন, এই সহযোগিতা রাশিয়া ও কোরিয়ার জনগণের স্বার্থে এবং একটি অধিকতর ন্যায়সংগত ও প্রকৃত গণতান্ত্রিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অব্যাহত থাকবে।
গত দুই বছর ধরে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ২০২৪ সালের জুন মাসে দেশ দুটির মধ্যে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পারস্পরিক এই সহযোগিতা আরও গভীর হয়েছে। কোরিয়ার মুক্তি দিবসটি মূলত জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় এবং কোরীয় উপদ্বীপে দেশটির ৩৫ বছরের ঔপনিবেশিক শাসনের অবসানের স্মারক হিসেবে পালিত হয়। দক্ষিণ কোরিয়াতেও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২