
যুদ্ধের শুরুর দিকে ইরানের তিনটি বোমারু বিমানের পাইলটকে কাতার আটক করেছে বলে অভিযোগ করেছে তেহরান। এ ঘটনায় বন্দি পাইলটদের মুক্তি ও তাদের অবস্থা পর্যালোচনার জন্য আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে দেশটি। নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ সদস্যদের সন্ধান কমিটির কমান্ডার জেনারেল সৈয়দ মোহাম্মদ বাঘেরজাদেহ শনিবার ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক চিঠিতে বৈশ্বিক এই সাহায্য সংস্থাকে বিষয়টি জানিয়েছেন। চিঠির মাধ্যমে ইরান প্রথমবারের মতো স্পষ্টভাবে ইঙ্গিত দিল যে, নিখোঁজ পাইলটদের ভাগ্যে আসলে কী ঘটেছে বলে তারা মনে করছে। এর আগে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই পাইলটদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
জেনারেল বাঘেরজাদেহর দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন পর গত ২ মার্চ একটি অভিযানে এসইউ-২৪ যুদ্ধবিমান নিয়ে অংশ নিয়েছিলেন ওই পাইলটরা। কিন্তু ‘শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার’ হামলায় বিমানগুলো ক্ষতিগ্রস্ত হলে তারা প্যারাসুট দিয়ে নিরাপদে নেমে আসেন। বেঁচে গেলেও পরবর্তীতে তারা কাতার কর্তৃপক্ষের হাতে ধরা পড়েন।
আটক হওয়া তিন পাইলট হলেন—জাভাদ সালেহি, আব্দুলমাজিদ দাশতিয়ান এবং ওমরান বেহরাভেশিয়ান। এছাড়া অভিযানে অংশ নেওয়া মাজিদ কাজেমী নামে চতুর্থ আরেক পাইলট মারা গেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ মার্চ কাতার দাবি করেছিল যে তাদের বিমানবাহিনী দুটি ইরানি এসইউ-২৪ বোমারু বিমান ভূপাতিত করেছে। কাতার যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং সেখানে একটি বড় মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। তবে ইরানের এই অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে নিউ ইয়র্ক টাইমস কাতার সরকার ও রেড ক্রসের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
জেনারেল বাঘেরজাদেহ তার চিঠিতে অভিযোগ করেছেন, কাতার কর্তৃপক্ষ বন্দি পাইলটদের তাদের পরিবার কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ বা দেখা করতে দিচ্ছে না। এই পরিস্থিতিতে রেড ক্রসকে অবিলম্বে পাইলটদের সাথে সাক্ষাৎ করে তাদের শারীরিক অবস্থা তদন্ত করতে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের মুক্তির ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২