
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের একদিন আগে রাজধানী দিল্লির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমেইল, ফোনকল এবং বিভিন্ন বার্তার মাধ্যমে এই হুমকিগুলো পাওয়া গেছে। শুক্রবার ভারতীয় বার্তাসংস্থা এএনআই বিষয়টি নিশ্চিত করেছে।
হুমকি পাওয়ার পর দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রি জেনারেল তাৎক্ষণিকভাবে দিল্লি পুলিশের সাথে যোগাযোগ করেন। এরপর আদালত চত্বরে বোমা নিষ্ক্রিয়কারী দল এবং প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‘খালিস্তান’ নামে পাঠানো একটি ইমেইলে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিস্ফোরণের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। ‘ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২:১১ পিএম’ শিরোনামের ওই ইমেইলে দাবি করা হয়েছে, শনিবার দুপুর ২টা ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে বোমা বিস্ফোরণ ঘটানো হবে। এর ঠিক এক ঘণ্টা পর বিভিন্ন জেলা আদালতেও হামলার কথা বলা হয়েছে। ইমেইলটিতে আরও দাবি করা হয় যে, দিল্লির আদালতগুলোতে শিখদের বিরুদ্ধে মামলা পরিচালনার প্রতিক্রিয়ায় এই হামলার পরিকল্পনা করা হয়েছে এবং স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে থাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘খালিস্তান’-এর সদস্যরা ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গেছেন।
দিল্লি হাইকোর্ট ও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরের টার্মিনাল-৩ ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে একই ধরনের হুমকি এসেছে। এর মধ্যে রয়েছে জামনগর হাউজ, ঝাণ্ডেওয়ালান ফ্ল্যাটেড ফ্যাক্টরি কমপ্লেক্স, এমবি সাকেত অফিস বা ডিএম অফিস এবং দিল্লি ক্যান্টনমেন্টের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের (এসডিএম) কার্যালয়। এছাড়া দিল্লি মেট্রো এবং আমবালাগামী ট্রেনেও হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।
দিল্লি হাইকোর্টের যুগ্ম সচিব অ্যাডভোকেট কুণাল এএনআইকে বলেন, হুমকিটি প্রাথমিকভাবে ভুয়া বলে মনে হচ্ছে। তিনি জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আদালত প্রাঙ্গণে তল্লাশি চলমান থাকলেও এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে জোরদার করা হয়েছে। হুমকি পাওয়ার পরপরই দিল্লি ফায়ার সার্ভিসের গাড়ি সংশ্লিষ্ট স্থানগুলোতে পাঠানো হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে থেকে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২