
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে গত মঙ্গলবার (২৮ জুলাই) আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। এসব অপপ্রচার উদ্ধার তৎপরতা ব্যাহত করতে পারে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির কর্মকর্তারা।
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) অনেক ব্যবহারকারী বিগত বছরগুলোর ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পুরনো ছবি শেয়ার করে সেগুলোকে মঙ্গলবারের ঘটনার দাবি করছেন। এছাড়া, বৈজ্ঞানিক কোনো প্রমাণ ছাড়াই কিছু পোস্টে এই প্রাকৃতিক দুর্যোগকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞরা অবশ্য এই দাবির তীব্র বিরোধিতা করে জানিয়েছেন, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই।
এর বাইরে একটি পোস্টে দাবি করা হয় যে, এই ভূমিকম্পের পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। কোনো প্রমাণ ছাড়াই নিয়মিত ভূমিকম্পের তথাকথিত পূর্বাভাস দেওয়া একটি অ্যাকাউন্ট থেকে পোস্টটি করার পর তা ৩০ লাখের বেশিবার দেখা হয়েছে। পাশাপাশি, ভূমিকম্পের পর চিড়িয়াখানা থেকে একটি সিংহ পালিয়ে যাওয়ার ভুয়ো খবরও ছড়িয়ে পড়ে। সেখানে বিদেশে তোলা একটি সিংহের ছবি জুড়ে দেওয়া হলেও বাস্তবে এমন কোনো ঘটনাই ঘটেনি।
এমন অপপ্রচারের ইতিহাস জাপানে নতুন নয়। এর আগে ২০১৬ সালে কুমামোতো অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের সময়ও একই ধরনের গুজব ছড়ানোর দায়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে দুর্যোগের সময় আতঙ্ক ছড়ানো রোধ করতে এবং উদ্ধারকাজ সচল রাখতে সামাজিক মাধ্যমের যেকোনো তথ্য যাচাই না করে শেয়ার না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সবাইকে সরকারি সংস্থা ও নির্ভরযোগ্য গণমাধ্যমের খবর অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২