

খেলনা ওরাংওটাং পুতুলকে মায়ের মতো আঁকড়ে ধরে বেঁচে থাকার লড়াই করা জাপানের সেই আলোচিত বানরছানা ‘পাঞ্চ’ এক বছর পূর্ণ করেছে। তার এই প্রথম জন্মদিনটি বেশ আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে। এই বিশেষ মুহূর্তে দেশ ও বিদেশের হাজারো ভক্ত পাঞ্চকে ভালোবেসে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন।
জাপানের চিবা অঞ্চলের ইচিকাওয়া সিটি জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে থাকে ম্যাকাক প্রজাতির এই বানরটি। তার প্রথম জন্মদিন উপলক্ষে চিড়িয়াখানায় এসেছে প্রায় আড়াই হাজার শুভেচ্ছা কার্ড। জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো এসব রঙিন কার্ড দিয়ে জন্মদিনের বিশেষ প্রদর্শনীর দেয়াল সাজানো হয়েছে। পাঞ্চ এখন আর সেই ছোট্টটি নেই; চিড়িয়াখানার প্রায় অর্ধশত বানরের দলের সঙ্গে সে এখন বেশ আনন্দেই দিন কাটাচ্ছে। দলের অন্য বানরদের সঙ্গে সে এতটাই মিশে গেছে যে তাকে আলাদা করাই কঠিন। বয়সের সঙ্গে সঙ্গে সে পুতুলের মায়া কাটিয়ে উঠেছে।
গত বছর জন্মের পরপরই মা পরিত্যক্ত এই বানরছানাটি বিশ্বজুড়ে আলোচনায় আসে। জন্মের পর তার মা অসুস্থ হয়ে পড়লে পাঞ্চকে ফেলে চলে যায়। তখন চিড়িয়াখানার কর্মীরাই তার দেখভালের দায়িত্ব নেন। বানরছানাদের স্বাভাবিক আঁকড়ে ধরার প্রবণতা ধরে রাখতে পাঞ্চের হাতে দেওয়া হয়েছিল বিশ্বখ্যাত ব্র্যান্ড আইকিয়ার একটি ওরাংওটাং পুতুল। সেই পুতুলটিকে মায়ের মতো আঁকড়ে ধরে বেঁচে থাকার জন্য পাঞ্চের আকুলতার ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা কোটি মানুষের হৃদয় স্পর্শ করে। এমনকি পাঞ্চের জনপ্রিয়তার কারণে আইকিয়ার ওই নির্দিষ্ট খেলনা পণ্যটি দ্রুতই বাজার থেকে বিক্রি শেষ (সোল্ড আউট) হয়ে গিয়েছিল।
কঠিন সেই দিনগুলোর কথা স্মরণ করে চিড়িয়াখানার প্রধান তাকাশি ইয়াসুনাগা বলেন, ‘পাঞ্চ যখন বেঁচে থাকার সংগ্রাম করছিল, তখন আমাদের দুই কর্মী তাকে বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। সেই কঠিন দিনগুলো পেরিয়ে আজ পাঞ্চের এত ভালোবাসা পাওয়া সত্যিই দারুণ আনন্দের।’
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২