মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চতুর্থ সন্তানের বাবা হলেন
- আপডেট সময় : ০৩:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সের পরিবারে নতুন সদস্য যোগ হয়েছে। রোববার সকালে তাদের চতুর্থ সন্তান, একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করেছে। ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই সুখবর জানিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নবজাতকের নাম রাখা হয়েছে অ্যালেক নিল ভ্যান্স।
জেডি ভ্যান্স নিশ্চিত করেছেন যে, তার স্ত্রী উষা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। তিনি আরও জানান, তাদের অন্য সন্তানরা তাদের ছোট ভাইকে পেয়ে ভীষণ আনন্দিত। এই বিশেষ মুহূর্তে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভাইস প্রেসিডেন্ট।
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, গত দেড় শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দায়িত্বে থাকা কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্টের ঘরে সন্তান জন্ম নেওয়ার এটিই প্রথম ঘটনা, যা এই জন্মকে ঐতিহাসিক করে তুলেছে।
জেডি ও উষা ভ্যান্স দম্পতির অ্যালেক নিল ভ্যান্স ছাড়াও আরও তিন সন্তান রয়েছে। তারা হলেন ৯ বছর বয়সী ইওয়ান, ৬ বছরের বিবেক এবং ৪ বছরের মিরাবেল।
উষা ভ্যান্স যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর একটি মধ্যবিত্ত এলাকায় বেড়ে ওঠেন। তার বাবা একজন যন্ত্রপ্রকৌশলী এবং মা একজন আণবিক জীববিজ্ঞানী। তারা দুজনই ভারতের অন্ধ্র প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে গিয়েছিলেন।
জেডি ভ্যান্স ও উষার পরিচয় হয় ২০১০ সালে ইয়েল ল’ স্কুলে পড়ার সময়। সে সময় তারা ‘শ্বেতাঙ্গ আমেরিকার সামাজিক অবক্ষয়’ বিষয়ক একটি আলোচনা গোষ্ঠীতে একসঙ্গে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে তাদের এই পরিচয় সম্পর্ক এবং পরে পরিণয়ে রূপ নেয়।
ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে জেডি ভ্যান্স দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে জন্মহার বৃদ্ধির পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে আসছেন।




























